সিদ্ধিরগঞ্জের মামলায় তিন দিনের রিমান্ডে মামুনুল হক

আপডেট : ১৮ মে ২০২১, ০০:৪৫

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুল হকের আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে এ রিমান্ড দেওয়া হয়। গতকাল সোমবার বিকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মামুনুল হককে আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামুনুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।