আলোচিত ‘করোনা যোদ্ধা’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত রবিবার রাতে খোরশেদের কথিত স্ত্রী ও ব্যবসায়ী সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি (৪০) বাদী হয়ে খোরশেদ ও আর টি এন ফেরদৌসী আক্তার রেহানাকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে শিউলির বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা কাহিনি সাজিয়ে কুত্সা রটানোর অভিযোগে এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় যে, খোরশেদের সঙ্গে বাদীর পরিচয় ছেলেবেলা থেকে। ইতিপূর্বে বাদীর একটি বিবাহ হয়েছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়। সেই ঘরে সন্তানও রয়েছে। পূর্বপরিচয়ের সূত্র ধরে খোরশেদ এবং বাদী ফেসবুক মেসেঞ্জারে প্রতিনিয়ত যোগাযোগ করত। একপর্যায়ে খোরশেদ তাকে বিয়ের প্রস্তাব দেয়। ২০২০ আগস্ট মাসের ২ তারিখে সোনারগাঁয়ের কাঁচপুরস্থ এসএস ফিলিং স্টেশনে খোরশেদ নিজেই কাজি নিয়ে গিয়ে ৫ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করে। চলতি বছরের এপ্রিল মাসের ২৪ তারিখে খোরশেদ তার ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে আপত্তিকর, মানহানিমূলক তথ্য উপস্থাপন করে এবং নানা বাজে মন্তব্য করে কুত্সা রটায়। এর এক দিন পর ২৫ এপ্রিল আর টি এন ফেরদৌসী আক্তার রেহানা ওরফে রেহানা মুসকান নামক এক নারী খোরশেদ খন্দকারের বাসায় বসে লাইভে এসে তার সম্পর্কে বাজে মন্তব্য করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
