ঋণের ফাঁদ থাকার পরও আফ্রিকার অধিকাংশ বড় প্রকল্প চীনের দখলে

আপডেট : ১৮ মে ২০২১, ১৫:৫০

বড় বড় প্রকল্পগুলোতে চীন ঋণ দেয় ঠিকই, কিন্তু সেগুলোতে থাকে সেই ঋণে আটকে পড়ার ফাঁদ। এসবের পরও আফ্রিকা মহাদেশের অধিকাংশ বড় প্রকল্প চীনা প্রতিষ্ঠানের দখলে।

আফ্রিকার বাজারে এখন চীনা অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ও ঠিকাদারদের প্রভাব চলছে। মহাদেশটির বড় বড় প্রকল্পে তাদেরই প্রথম পছন্দ হিসেবে রাখছে বিভিন্ন দেশের সরকার। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ও ঠিকাদাররা।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির গবেষক হং ঝ্যাং বলেন, ‘বেশকিছু আফ্রিকান রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ খাতের অধিকাংশ দখল করে রেখেছে চীনা প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে তানজানিয়ায় অবকাঠামো নির্মাণ খাতের ৮০ শতাংশ দখল করে রেখেছে চীনা অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ও ঠিকাদাররা।

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালে আফ্রিকার অবকাঠামো নির্মাণ খাতের ৬০ শতাংশ চীনাদের দখলে চলে যায়।

বিশেষজ্ঞদের মতে, আফ্রিকায় চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সৃষ্টির মধ্য দিয়ে তৈরি হচ্ছে ঋণের ফাঁদ। কারণ বিনিয়োগগুলো বিশাল অঙ্কের হওয়ায় দরিদ্র আফ্রিকান রাষ্ট্রগুলোর পক্ষে তা পরিশোধ করা সম্ভব নয়। ফলে দেশগুলোতে স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে চীনা প্রভাব। ভবিষ্যতে ব্রিটিশ শাসনের মতোই আফ্রিকায় চীনা কর্তৃত্ব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

ইত্তেফাক/টিআর