ঝিনাইদহে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত চারজনের করোনা করোনা শনাক্ত হয়েছে। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে ৮৬ জন বাড়ি ফিরেছে। মঙ্গলবার সকালে শহরের পিটিআই হোস্টেল প্রাঙ্গণে তাদের পাসপোর্ট ও করোনার নেগেটিভ সনদ দেওয়া হয়।
ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, গত ৩ ও ৪ মে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আসা ১৬৭ জন যাত্রীকে ঝিনাইদহ শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়। ১৪ দিন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তারা কোয়ারেন্টিনে ছিলেন। সোমবার বিকেলে তাদের করোনার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যার পর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের ৮৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী বগুড়া, খুলনা, নোয়াখালী, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান জানান, ১৪ দিন কোয়ারেন্টিন শেষে নমুনা পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
