নিজের বাল্যবিবাহ থানায় গিয়ে নিজেই রুখে দিলো স্কুলছাত্রী

আপডেট : ১৮ মে ২০২১, ১৬:৩০

বরিশালের আগৈলঝাড়ার জোরপূর্বক এক স্কুল ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে পিতা-মাতা বাল্যবিয়ে দিতে চাইলে ওই স্কুল ছাত্রী নিজেকে বাঁচতে থানায় আশ্রয় নিয়েছে। মেয়ের অভিযোগ পেয়ে পুলিশ ওই ছাত্রীর পিতা ও মাতাকে আটক করে।
 
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের শাহজাহান ফকিরের মেয়ে ও উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমীর ৮ম শ্রেণির ছাত্রী তিন্নি আক্তারকে (১৪) তার বাবা মা স্কুল ছাত্রীকে না জানিয়ে নোটারী পাবলিকের হলফনামার মাধ্যমে পার্শ্ববর্তী রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের রুহুল তালুকদারের ছেলে হাসিব তালুকদারের সাথে গোপনে বিয়ের কাগজ তৈরি করে।


 
রবিবার (১৬ মে) রাতে রুহুল তালুকদার ওই ছাত্রীর স্বামী দাবি করে তাদের বাড়িতে যায়। স্কুল ছাত্রী তিন্নি আক্তার নোটারীর হলফনামায় তার বিয়ের কাগজের কথা জানতে পেরে রবিবার রাতেই দৌড়ে গিয়ে থানায় আশ্রয় নেয়। 

থানার এসআই মনিরুজ্জামান ওই রাতে ফুল্লশ্রী গ্রাম থেকে স্কুল ছাত্রীর পিতা শাহজাহান ফকির ও মাতা পারুল বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার জানান, ওই ছাত্রীর পিতা শাহজাহান ফকির ও মাতা পারুল বেগমের কাছ থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত তারা মেয়ে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেখা প্রদান করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ইত্তেফাক/এসজেড