তানিম পারভেজ রচনা ও পরিচালনায় ‘ছায়া’ নাটকে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, হিল্লোল, তৌসিফ প্রমুখ।
সারা মোর্শেদ আলমগীর মোর্শেদের স্ত্রী, নিঃসন্তান। কিছুদিন আগে আলমগীর মোর্শেদ একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। স্বামীর মৃত্যুর সুবাদে স্বামীর বিশাল সম্পত্তির মালিক এখন সারা মোর্শেদ। স্বামীর মৃত্যুর পর সারা মোর্শেদ প্রচণ্ড ভেঙে পড়লে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হতে থাকে। সারার দেবর রবিন অনেক অনুরোধ করে সারাকে অফিসে পাঠায়। কিন্তু তারপরও সারার ভালো লাগে না। এভাবেই চলছিল। কিন্তু হঠাত্ একদিন সারার মনে হয় পেছন থেকে কেউ তাকে ফলো করছে। কিন্তু সে পেছন ফিরে তাকালে আর কাউকে দেখতে পায় না। এ রকম বেশ কয়েকবার হয়। সে মনে করে কেউ তাকে মারার জন্য ফলো করছে। সারা মোর্শেদ খুব ভয় পান এবং বিষয়টা নিয়ে তার দেবরের সঙ্গে আলাপ করেন। বলেন, কোনো ব্যবসায়িক প্রতিপক্ষ হয়তো তাকে মারতে চাইছে। থানায় খবর দেওয়া হয়। সে পুলিশ নজরদারিতে থাকে। সারার কেবল মনে হয় কেউ তাকে মারতে আসছে। বাসার কাজের লোক থেকে শুরু করে সবাইকেই তার সন্দেহ হতে থাকে। একদিন সবাই তাকে ধাওয়া করতে থাকে। সে দৌড়ে পালিয়ে যায়। কাজের লোক থেকে পালালে দারোয়ান তাকে ধাওয়া করে। এরপর সে রবিনের সঙ্গে ধাক্কা খায় এবং অজ্ঞান হয়ে যায়। সারাকে ডাক্তার দেখানো হয়।
