মাছরাঙা টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে মিশু সাব্বির ও চমক অভিনীত নাটক ‘হানিমুন ইন লকডাইন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেতু আরিফ।
নাটকটির গল্পে দেখা যাবে, প্রেমিকা মুনমুনকে নিয়ে পালিয়ে খুলনা থেকে ঢাকায় আসে হাসনাত। আশ্রয় নেয় ব্যাচেলর কাজিন আনোয়ারের বাসায়। আনোয়ার ও তার রুমমেট জয়নাল পড়ে মহাবিপাকে। হাসনাতের পরিকল্পনা হলো, প্রথমে বিয়ে করা, তারপর সোজা কক্সবাজার গিয়ে হানিমুন করা। আনোয়ার আর জয়নাল মিলে কাজী ঠিক করে নিয়ে আসে। সন্ধ্যায় তাদের বিয়ে হয়। পরদিন সকালে হানিমুনের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন, কিন্তু রাতে বাসর ঘরে ঢুকতেই দরজায় কড়া নাড়ে আনোয়ার। অত্যন্ত দুঃখের সঙ্গে জানায়, আগামীকাল থেকে ৭ দিনের জন্য লকাডাউন। খুব মন খারাপ হয় হাসনাতের। মুনমুন রীতিমতো কেঁদে বুক ভাসায়। উপায় না দেখে বাসাতেই হানিমুন করার প্ল্যান করে তারা। বাসার ভেতরেই কক্সবাজারের আবহ তৈরি করা হবে। শুরু হয় নতুন গল্প।
