সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডালিয়ায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় বিনোদন পিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ঈদবিনোদন ও করোনাকালীন লকডাউনে থেকে হাঁপিয়ে ওঠা মানুষ পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন তিস্তাপারে। তিস্তা নদী ও তিস্তা ব্যারাজ যেন তাদের কাছে সমুদ্রসৈকতে পরিণত হয়েছে। উঠতি বয়সের তরুণ-যুবকরা নদীতে ঝাঁপিয়ে পড়ে গোসলেও মেতে উঠছে। স্পিডবোটে পরিবার নিয়ে ঘুরছেন অনেকে। তবে অধিকাংশ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকের মুখেই ছিল না মাস্ক। ঘুরতে আসা দম্পতি সালেক-রোজিনা জানান, করোনার কারণে বিয়ের পর ঘুরতে বের হতে পারিনি। তাই ঈদে ঘুরতে বের হয়েছি। স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই সিদ্দিক বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। এত লোকের সমাগম কোনোভাবেই কাম্য নয়। আমরা তাদের চলে যেতে অনুরোধ করে মাইকিং করছি।
চাটমোহরে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, উপজেলার গুমানী নদীর বওশা ঘাট, দরাপপুর ব্রিজ, বোয়ালমারী বিল সড়কসহ অন্যান্য দর্শনীয় স্থানে অসংখ্য মানুষ ঘুরতে বের হয়। তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্থানীয় প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় বেশ কয়েক জনকে জরিমানাও করেছেন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, সরকারের কঠোর লকডাউনের সময় আমরা মানুষকে সচেতন করছি। মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। জরিমানাও করা হচ্ছে।
