আজ অনুশীলনে নামবে শ্রীলঙ্কা

আপডেট : ১৮ মে ২০২১, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ সফরে এসে তিন দিনের কোয়ারেন্টাইনে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সূচি অনুযায়ী কোয়ারেন্টাইন শেষে আজ অনুশীলনে নামবে সফরকারীরা। তবে তার আগে দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় দলটির সবাইকে নেগেটিভ রিপোর্ট পেতে হবে। গতকাল দ্বিতীয়বার করোনার নমুনা দিয়েছেন সবাই এবং রাতেই রিপোর্ট পেয়ে যাওয়ার কথা তাদের। লঙ্কানদের জন্য ইতিবাচক খবর হলো, প্রথমবার করোনা পরীক্ষায় ক্রিকেটার, কর্মকর্তা, কোচসহ ৩১ জনের সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছিলেন।

গতকাল বিসিবির চিকিত্সক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘প্রথমবার ওদের সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছে। দ্বিতীয়বারও নেগেটিভ হলে কাল (আজ) অনুশীলন করতে পারবে তারা।’ সবকিছু ঠিক থাকলে আজ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে কুশল পেরেরার দল।

মিরপুরে টানা দুই দিন অনুশীলনের পর ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। আগামী ২৩ মে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।