বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, সংস্কৃতিজন ও অবসরপ্রাপ্ত অধ্যাপিকা বাঁশরী দত্ত আর নেই। তিনি করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার (১৮ মে) ভোররাত ৪টার দিকে দিল্লির একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। অধ্যাপিকা বাঁশরী দত্ত ১৯৪৩ সালের ১৩ ডিসেম্বর কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট অতীন্দ্র ভদ্র ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহিদ হন।
জানা যায়, বাঁশরী দত্তের স্বামী ব্যারিস্টার নিখিলেশ দত্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। তার দুই সন্তান। ছেলে সুমন লন্ডনে প্রবাসী, মেয়ে কাঞ্চি দিল্লিতে বেসরকারি সংস্থার পদস্থ কর্মকর্তা। বাঁশরী দত্ত ১৯৮০ থেকে ২০০৩ সাল পর্যন্ত কুমিল্লা নগরীর অজিতগুহ মহাবিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা বরেন। ২০০৩ সালে অবসর গ্রহণের পর তিনি ঢাকায় ‘গীত শতদল’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
