ফতুল্লার কাশীপুর ইউনিয়নে দেওয়ালের একাংশ ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে কাশীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার জন্য স্থানীয়রা ও নিহতের স্বজনরা বাড়ির মালিক ও স্থানীয় ইউপি সদস্যের উদাসীনতাকে দায়ী করছেন। নিহত শিশুর নাম ইমরান (৭)। সে ঐ এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সামসুদ্দিন বছর ছয়েক পূর্বে পার্শ্ববর্তী একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ঘটা অগ্নিকাণ্ডের আগুন নেভাতে গিয়ে নিজেই দগ্ধ হয়ে মারা যান। স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়িওয়ালার উদাসীনতার কারণেই এই শিশুটির মৃত্যু হয়েছে। তাদের উচিত ছিল এই বিষয়ে পূর্বেই সতর্ক হওয়া। তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত।
