পঞ্চাশ কোটি টাকা লোপাট, টিকার নিশ্চয়তা মেলেনি -----জি এম কাদের

আপডেট : ১৮ মে ২০২১, ২২:২৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ করোনা টিকা নিয়ে উদ্বেগ কমছে না। ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ টিকা আবশ্যক। কিন্তু এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ আশ্বস্ত করতে পারছে না। করোনা টিকা নিয়ে অনিশ্চয়তা দুর্ভাগ্যজনক। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, সংশ্লিষ্টদের অদূরদর্শীতায় টিকা কূটনীতিতে ব্যর্থ হয়েছে দেশ। কোটি কোটি টাকা মুনাফার লক্ষ্যে টিকা আমদানি হয়েছে। এ কারণেই টিকা পেতে বিকল্প উত্স রাখা হয়নি। তিন পক্ষের চুক্তি অনুযায়ী এ পর্যন্ত দেশের প্রায় ৫০ কোটি টাকা লোপাট হয়েছে কিন্তু টিকার নিশ্চয়তা মেলেনি।

বিবৃতিতে তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্তারা প্রতিদিন করোনার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ঢেউয়ের ভয় দেখাচ্ছেন। এজন্য জনগণকে দায়ী করে নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনা প্রতিরোধে সরকারের প্রস্তুতির কথা স্পষ্ট করতে পারছেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে হবে।