সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার পর গ্রেফতার সরকারের অনিয়ম ও দুর্নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়। সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে বাংলাদেশ ছাত্র, যুব ও গণ-অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে নুর বলেন, ‘রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের মুখোমুখি করুন। আর একজন সাংবাদিককেও যেন হয়রানি করা না হয়। আমরা সাংবাদিক রোজিনার মুক্তি দাবি করছি। সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানসহ বাংলাদেশ ছাত্র, যুব ও গণ-অধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
