রাজধানীর কাফরুল থানাধীন মহাখালী ডিওএইচএস এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. তাজুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহূত দুইটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
এটিইউর এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে চাঁদপুরের কচুয়া থানাধীন মাসনিগাছা বাজার এলাকা থেকে একই সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
তাজুল ইসলাম খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিষিদ্ধ জঙ্গি সংগঠন সমর্থন, অপরাধ সংগঠনের প্রচেষ্টা, অফলাইন এবং অনলাইনভিত্তিক উগ্রবাদী প্রচার -প্রচারণা করে আসছিল। আনসার আল ইসলামকে সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, অফলাইন এবং অনলাইনে উগ্রবাদী প্রচার-প্রচারণা করায় তাকে চাঁদপুরের কচুয়া থানায় গত ২৭ জানুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ৩২ নম্বর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
