জনগণকে সচেতন না করে বিএনপি নেতারা ঢালাওভাবে সরকারকে দুষছেন :কাদের

আপডেট : ১৮ মে ২০২১, ২২:৫৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি একটি দায়িত্ব-জ্ঞানহীন এবং কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক দল। কারণ করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি নেতারা জনগণকে সচেতন না করে উলটো ঢালাওভাবে সরকারকে দুষছেন। গতকাল মঙ্গলবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে আরো বলেন, ‘যারা সমালোচনার খাতিরে শুধু সরকারের সমালোচনায় লিপ্ত তাদের কাছে আমি জানতে চাই, করোনা মোকাবিলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকত তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬০০-এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০-এর নিচে নেমে আসল কী করে?’

স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কারণ নেই।             তাই সবাইকে বলব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুন। বিএনপি মহাসচিব লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার দাবির প্রসঙ্গে তিনি বলেন, সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করল, তখন তারা কৌশলে এর বিরোধিতা করল। বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যাকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল তাও ব্যর্থ হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্য ইকোনোমিস্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। অথচ সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে এগিয়ে যাচ্ছে সম্মুখপানে। বিদেশে সরকারের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু—এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে তার কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।