মেক্সিকান সুন্দরী মিস ইউনিভার্স ২০২০ আলমা আন্দ্রেয়া মেজা কারমোনার মুকুট বিজয়ে তেমন একটা বিস্মিত নয় আয়োজক কর্তৃপক্ষ। কারণ, তারা ঘোষণা দিয়েছিলেন, এবার এমন কাউকে সেরা হিসেবে নির্বাচিত করতে চান, যিনি প্রকৃত অর্থেই নারীদের জন্য একজন আদর্শ হিসেবে বিবেচিত হবেন। রূপ নয়, এবার গুণের কদর করার ঘোষণা দেওয়া হয়েছিল। আন্দ্রেয়া তেমনই এক সুন্দরী, যার রূপকে ছাপিয়ে গেছে বহুমুখী গুণ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও তিনি গান গাওয়া, নৃত্য, রান্না, সাহিত্য, উপস্থিত বুদ্ধিসহ অসংখ্য গুণে গুণান্বিত বলে জানিয়েছে তার দেশীয় মিডিয়াগুলো।
রবিবার রাতে বিশ্বের ৭৩ প্রতিযোগীকে পেছনে ফেলে ৬৯তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার মুকুট জেতেন আন্দ্রেয়া। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সেরার মুকুট মাথায় পরেন। করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালের আয়োজনটি ২০২১ সালে এসে গড়িয়েছে। মহামারির কারণে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ এবারের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। তাই এই প্রতিযোগিতা কিছুটা হলেও তার রং হারিয়ে ফেলে। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ব্রাজিলিয়ান সুন্দরী জুলিয়া গামা। দ্বিতীয় রানারআপ হয়েছেন পেরুর জেনিক মাসেতা ও তৃতীয় রানারআপ হয়েছেন ভারতের অ্যাডলিন কাস্টালিনো।
চীনা বংশোদ্ভূত আন্দ্রেয়ার জন্ম ১৯৯৪ সালের ১৩ আগস্ট। তিনি তার দেশের তৃতীয় সুন্দরী হিসেবে এই বিশ্ব খেতাব জয় করলেন। গুণের পাশাপাশি মেধার চর্চা করার অভ্যাস তার শৈশব থেকেই। শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই প্রায় প্রতিটি প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতেন এবং অসংখ্য পর্বে তিনি বিজয়ী হয়েছেন। নিজের সৌন্দর্য জাহির করার অভ্যাসও তার ছোটবেলা থেকেই। আঞ্চলিক বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি অংশ নিতেন। ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড মেক্সিকো প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি প্রায় বিজয়ীই হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রশ্নোত্তর পর্বে একটা কথা সামান্য একটু আটকে যাওয়ায় তিনি প্রথম রানারআপ অর্থাত্ দ্বিতীয় স্থান লাভ করেন। ২০১৭ সালে তিনি তার দেশের সেরা সুন্দরী নির্বাচিত হন। এছাড়া ‘মেক্সিকানা ইউনিভার্সাল ২০২০’ অ্যাওয়ার্ডও তিনি জিতে নেন। শিক্ষাজীবনেও অনেক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে এই অঙ্গনে আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস অর্জন করেন। শুধু সৌন্দর্য প্রতিযোগিতায় নয়, শিক্ষাজীবনেও আন্দ্রেয়া সমান উজ্জ্বল। ২০১৭ সালে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিজীবন শুরু করেন। পাশাপাশি তিনি মডেলিংয়ে ক্যারিয়ার গড়ে তুলেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টেই আন্দ্রেয়া প্রতিভার স্বাক্ষর রাখেন। করোনা নিয়ন্ত্রণে তার পদক্ষেপ কী হতো—এমন প্রশ্নের জবাবে চটপট কঠোর লকডাউনের কথাই বলেন। সুযোগ পেলে তিনি বিশ্বের সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন।
