নরসিংদীতে সংঘর্ষ গুলি, নিহত ৩

আপডেট : ১৮ মে ২০২১, ২৩:১১

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে গতকাল মঙ্গলবার টেঁটাবিদ্ধ হয়ে শহীদ মিয়া (৩০) ও  শফিকুল ইসলাম (২৫) নামে দুই ব্যক্তি নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম এবং তার প্রতিপক্ষ ফজলুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যায় উভয় পক্ষ টেঁটা, বল্লম এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ইয়াসিন নামে এক কিশোর মারা যায়। আহত হন ২০ জন।

নিহত ইয়াসিন কাচারিকান্দী গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে, নিহত শহীদ মিয়া একই গ্রামের আশাব উদ্দিনের ছেলে এবং  নিহত শফিকুল ইসলাম একই গ্রামের নূরু মিয়ার ছেলে বলে জানা গেছে। এসময় এলাকায় ব্যাপক লুটপাট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের ভৈরব, নবীনগর, নরসিংদীসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেওয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. রাসেল শেখ সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রায়পুরা থানার উপপরিদর্শক দেব দুলাল দে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ পর্যন্ত ছয় জনকে আটক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মে উপজেলার নিলক্ষার দড়িগাও গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে লাঠিয়ালদের হাতে টেঁটাবিদ্ধ হন রায়পুরা থানার চার পুলিশ সদস্য। চার দিন হাসপাতালে চিকিত্সা নেওয়ার পর গত সোমবার তারা বাড়ি ফিরেছে।