টিকার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের ফোন

আপডেট : ১৯ মে ২০২১, ০৪:৩৫

সেরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দ্রুত পাঠাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার এ ফোন করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে মোমেন দ্রুত বাংলাদেশে টিকা পাঠাতে অনুরোধ জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের চাহিদাসহ বাংলাদেশের অবস্থা সম্পর্কে অবগত আছেন বলে জানান।

এ সময় ড. মোমেন ভারতে ঘূর্ণিঝড়সহ করোনা আক্রান্ত হয়ে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রানেজেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে গণটিকাদান শুরু করলেও দুই চালানের পর আর দিতে পারেনি এই টিকা উৎপাদনকারী ভারতের সেরাম ইনস্টিটিউট।

করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত এর আগে বাংলাদেশকে ৩২ লাখ ডোজ টিকা উপহার দেয়। ভারত এখন নিজেদের চাহিদাই মেটাতে পারছে না। তাই টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

ইত্তেফাক/এএএম