সুবর্ণচরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

আপডেট : ১৯ মে ২০২১, ০৯:২৯

জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বারের পানাউল্যা এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নির্যাতিত শিশুর বড়ভাই বাদী হয়ে চর জব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়েছে, সোমবার বিকালে শিশুটি বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় অভিযুক্ত সোহাগ ঐ পথ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে সুকৌশলে ডেকে পাশের সড়কের একটি কালভার্টের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় দুই পথচারী সড়ক দিয়ে যাওয়ার সময় টের পেয়ে এগিয়ে গেলে সোহাগ দৌড়ে পালিয়ে যায়। সে এ এলাকায় ফেরি করে হারবাল ওষুধ বিক্রি করে।

চর জব্বার থানার ওসি জিয়াউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকালে শিশু ধর্ষণের এ ঘটনায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার শিক্ষাগ্রামের মৃত মজনুর ছেলে মো. সোহাগকে (২৪) অভিযুক্ত করে আসামি করা হয়। অভিযুক্ত সোহাগকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

ইত্তেফাক/এমআর