চীনের সিনোফার্ম থেকে করোনা ভ্যাকসিন ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৯ মে) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে নীতিগতভাবে চীনের সিনোফার্ম থেকে করোনা ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, করোনাকালে জরুরি কেনাকাটায় প্রস্তুতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘাটতি রয়েছে। তবে এখানে কী পরিমাণ, কতোদিনের মধ্যে আনা হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। ওষুধ প্রশাসন অধিদফতরের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যসেবা বিভাগ চীন থেকে টিকা সংগ্রহ করার অনুমোদন দিয়েছে। কী পরিমাণ সংগ্রহ করা হবে এবং কত টাকা লাগবে সেটা জানা যাবে যখন এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব কমিটির সভায় উপস্থাপন হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগ চীন থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের একটি প্রস্তাব উপস্থাপন করে। কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি হচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় গণচীনের তৈরি সার্স কোভিড টু টিকা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব। প্রস্তাবটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসআই
