নেপাল-চীন সীমান্তের পিলার নিখোঁজ

আপডেট : ১৯ মে ২০২১, ১৬:২৩

নেপাল-চীন সীমান্তে নতুন বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সীমান্ত লঙ্ঘন করে নেপালের সাড়ে দশ মিটার ভেতরে ঢুকে গেছে চীন। নেপালের সীমান্তবর্তী জেলা ডৌলখা'তে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে ইউরোপোর্টার। প্রতিবেদনে বলা হয়, এটি ছাড়াও নেপালের ৬০ নম্বর সীমানা পিলার নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে পিলারটি নদীতে ভেসে গেছে। তবে দেখা গেছে, ৬০ নম্বর চীনা সীমানা পিলারের পাশে চীনের দুইটি পতাকা উত্তোলন করা হয়েছে।

নেপাল-চীন সীমান্ত নিয়ন্ত্রিত হয় ১৯৬০ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী। এরপরেও বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে এই সীমান্ত। পরিবর্তনের মধ্যে আছে ৭৬টি স্থায়ী সীমানা পিলার। চীন এখন এ সীমান্তে আরো পরিবর্তন আনার চেষ্টা করছে।

গত সেপ্টেম্বরে নেপালের নির্জন সীমান্তগ্রাম হুমলাতে ঢুকে পড়ে চীন এবং সেখানে ১১টি অবকাঠামো নির্মাণ করে। হুমলা নিজেদের বলে দাবি করে নেপাল। তবে প্রত্যাশিতভাবেই এই দাবিকে অগ্রাহ্য করে চীন। এতে করে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেপালজুড়ে বিক্ষোভ করে সাধারণ মানুষ। এমনকি নেপালে অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিশাল বিক্ষোভ হয়। সেখানে মানুষ স্লোগান দেয়, চীনের সম্প্রসারণবাদিতা বন্ধ করো।

ইত্তেফাক/এসএ