ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা ও মহানগর শাখা। বুধবার (১৯ মে) সকালে রাজশাহী শহরের জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিও করা হয়।
মানববন্ধনে নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান বলেন, 'ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের গণহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠন করে ইসরায়েলকে শাস্তির মুখোমুখি করতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে। সেই সাথে অনতিবিলম্বে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করতে হবে।'
ছাত্রনেতা তামিম শিরাজী বলেন, 'সারা বিশ্বে সন্ত্রাসবাদের একই চরিত্র, সন্ত্রাসবাদের কোন ধর্ম নাই। ইসরায়েলের জায়োনিস্ট, মিয়ানমারের বুদ্ধিস্ট, আফগানিস্তানের ইসলামিস্টরা একই কায়দায় সন্ত্রাসবাদ চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে এসব থামানোর পদক্ষেপ নিতে হবে এবং এসবের মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রকেও বিচারের মুখোমুখি করতে হবে।
কর্মসূচিতে নির্মূল কমিটির জেলা সভাপতি শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নির্মূল কমিটির মহানগর নির্বাহী সভাপতি সুজিত সরকার, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার কামাল এবং কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ পাপ্পু। কর্মসূচি সঞ্চালনা করেন নির্মূল কমিটির রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, কবি কামরুল বাহার আরিফ, মহিলা ইউনিটের সভাপতি হালিমা খাতুন লিমা, সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম মুন্নি, স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক ইখতিয়ার প্রামাণিক, বিমান চক্রবর্তী, মিলন, রাশেল, মাহফুজ প্রমুখ।
ইত্তেফাক/এসএ
