দুবাইয়ের মরুপ্রান্তরে রাখির বাগদান, ২১ মে বিয়ে

আপডেট : ১৯ মে ২০২১, ১৯:৫৭

ভালোবেসে ঘর বাঁধতে যাচ্ছেন মডেল, অভিনেত্রী ও প্রকৌশলী রাখি মাহবুবা। তার হবু বর ব্যবসায়ী সাজ্জাদ হোসেন।  তিনি বাংলাদেশি বংশোদ্ভুত সিঙ্গাপুরের নাগরিক। আগামী ২১ মে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

আজ (১৯ মে) দুবাইয়ের মরুপ্রান্তরে হট এয়ার বেলুনে ঘুরে বেড়ানোর সময় রাখি মাহবুবাকে বিয়ের প্রস্তাব দেন সাজ্জাদ হোসেন। এরপর তার অনামিকায় হীরা ও স্বর্ণখচিত আংটি পরিয়ে দেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুখবরটি শেয়ার করেছেন রাখি মাহবুবা। এরপর থেকে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের অভিনন্দনে ভাসছেন তিনি। 

 

My love my life, I am so lucky to be your princess Jasmine. I vividly remember the first card you wrote to me when came...

Posted by Rakhi Mahbuba on Wednesday, May 19, 2021

রাখি মাহবুবা ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের ইচ্ছে আছে। আপাতত দুবাইয়ে বিয়ের কাজটা সেরে ফেলবো।’

প্রায় দুই বছর আগে সম্পর্কে জড়ান রাখি মাহবুবা ও সাজ্জাদ হোসেন। ২০১৯ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের টাইমস স্কয়ারে তাদের প্রথম দেখা। সেদিন ছিলো রাখির জন্মদিন। তখন সেখানে বেড়াতে গিয়েছিলেন রাখি। অন্যদিকে একটি সম্মেলনে যোগ দিতে যান সাজ্জাদ। পরিচয়ের পর ধীরে ধীরে গড়ে ওঠে সখ্য। এরপর তা গড়ায় প্রেমে। বিয়ের মধ্য দিয়ে এই সম্পর্কের সফল সমাপ্তি হতে যাচ্ছে। 

 

Engaged ????

Posted by Rakhi Mahbuba on Tuesday, May 18, 2021

‘লাক্স–চ্যানেল আই সুপারস্টার ২০১০’ প্রতিযোগিতায় বিজয়ী হন রাখি মাহবুবা। এরপর অর্ধশতাধিক নাটক-টেলিছবিতে অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। তিনি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।  বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন।  সেগুলো সবই ২০১১ থেকে ২০১৩ সালের কথা।  এরপর জনপ্রিয়তার মায়া কাটিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে পড়াশোনা করে তিনি হয়েছেন প্রকৌশলী।

২০১৩ থেকে অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন রাখি মাহবুবা। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অব পারফর্মিং আর্টস তথা ওয়াপা থেকে স্ক্রিন পারফরম্যান্সের ওপর এক বছরের ডিপ্লোমা করেছেন ২০১৯ সালে।  ওয়াপায় পড়ার সময় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে অস্ট্রেলিয়ার একটি তেল ও জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরি করেছেন।

২০১৯ সালে একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন রাখি মাহবুবা। বেহনাজ আব্বাসি পরিচালিত ‘রিটেন ইন স্টোন’ ছবিটিতে মিরা চরিত্রে দেখা গেছে তাকে। 

সম্প্রতি দেশে এসেছিলেন রাখি মাহবুবা। করোনা পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে দুবাই চলে যান তিনি। সেখানেই মনের মানুষের সঙ্গে বিয়ের বন্ধনে জড়িয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই সুন্দরী। 

ইত্তেফাক/জেএইচ