জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবারের ঈদেও বেশ কয়েকটি নাটক উপহার দিচ্ছে দর্শকদের। সেই ধারাবাহিকতায় আজ রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে তার নাটক ‘ব্যাচেলর বাবু’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এতে আরো অভিনয় করেছেন মিশু সাব্বির, নুসরাত ইমরোজ তিশাসহ অনেকে।
ব্যাচেলর বাবু মূলত একজন বিবাহিত বাড়িওয়ালা। কিন্তু বিশেষ কারণে তার ভাড়াটিয়া থেকে শুরু করে এলাকার লোকজন তাকে ব্যাচেলর বাবু নামে চেনে। এ নিয়ে তার স্ত্রী সুমির খুব রাগ। জলজ্যান্ত একটা ব্যাচেলর যুবককে বিয়ে করার পরও তার গা থেকে ব্যাচেলরের গন্ধ কেন যাবে না? তাকে কেন ব্যাচেলর বাবু ডাকা হবে, এ নিয়ে সুমির আপত্তির চাপে পড়ে বাবু বেচারা নাজেহাল। সুমির ধারণা, বাবু তার বাড়িতে ব্যাচেলরদের ভাড়া দেয় বলেই তার নাম ব্যাচেলর বাবু। তাই সে বাবুকে বলে, ব্যাচেলরদের বাড়ি থেকে নামিয়ে দিতে। কিন্তু বাবু তা করতে চায় না। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছুটি পেয়ে বাবুর শ্যালিকা মিমি আসে বেড়াতে। সুমি আশঙ্কা করে, তার বোনের সঙ্গে ব্যাচেলররা প্রেম করার চেষ্টা করবে। একটা কেলেঙ্কারি হবে। বাবু তার কথা হেসে উড়িয়ে দেয়। পাত্তা দেয় না। কিন্তু ধীরে ধীরে ঘটনা অন্যদিকে মোড় নিতে থাকে। বাবু দেখে, তার শালি না, বরং তার স্ত্রীই এক ব্যাচেলরের সঙ্গে ঘুরছে। এই দৃশ্য দেখা মাত্র বাবুর মাথায় রক্ত উঠে যায়।
