সুপারম্যানের লুঙ্গি

আপডেট : ১৯ মে ২০২১, ২১:১৩

শাহরিয়ার তাসদিকের রচনা এবং খায়রুল পাপনের গল্প ও পরিচালনায় নাটক ‘সুপারম্যানের লুঙ্গি’ প্রচার হবে আজ ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে। এতে অভিনয় করেছেন নিলয়, সিদ্দিকুর রহমান, তাসনুভা তিশা প্রমুখ।

ব্যস্ত নগরী ঢাকার সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা পুরান ঢাকা। দেখা যায় সুপারম্যান এসে ঢাকার রাস্তায় মাত্র ল্যান্ড করেছে। সে চারপাশে অবাক দৃষ্টিতে তাকায় এবং দেখতে থাকে। এমন সময় পেছনে কিছু বাচ্চা ছেলের হাসি। সে পেছনে ফিরে তাকাতেই দেখে কিছু ছেলে হেসে হেসে ওর পেছনের ওড়নায় আগুন লাগিয়ে দিয়েছে। সে কী করবে বুুঝতে পারে না। এমন সময় পেছন থেকে মাজিদ এসে তাকে বস্তা দিয়ে জড়িয়ে ধরে। আগুন নিভিয়ে রাস্তার পাশে বসায়। মজিদ ভাবে যে সে অভিনয় করে। সে জানতে চায় কোনো নাটকের শুটিংয়ে এসেছে। সুপারম্যান তার পরিচয় দিতে থাকে। কিন্তু মজিদ কোনোভাবেই সে বিশ্বাস করে না। সুপারম্যান বলে তার ওড়না ফেরত না পেলে উড়েও দেখাতে পারছে না। ওটা ছাড়া তার কোনো শক্তি নেই। মজিদ সুপারম্যানকে বাটপার ভেবে চলে যেতে চায়। এমন সময় সুপারম্যান তার ভার্চুয়াল স্ক্রিনে মাজিদকে সার্চ দিয়ে দেখে সে চতুর প্রকৃতির লোক। সুপারম্যান তাকে থামায়। তাকে সাহায্য করতে বলে। মাজিদ বাটপার টাইপের লোক। সে সুপারম্যনকে বলে সাহায্যর বিনিময়ে সে তাকে কী দেবে? সুপারম্যান বলে তার শক্তি ফিরে পেলে তখন যা চাইবে তাই দেবে। মাজিদ এই লোভে সুপারম্যানকে সঙ্গে নেয়। রাতে বাসায় সুপারম্যানকে লুঙ্গি দিয়ে বলে এসব সংয়ের ড্রেস পরে না থেকে লুঙ্গি পরতে। সুপারম্যান এটা নিয়ে বাইরে আসে। সে কাঁধে বেঁধে ওড়ার ট্রাই করে এবং ৩-৪ ফুট ওপরে উঠে আবার নেমে আসে। সে বুঝতে পারে এটা দিয়ে সে বেশিদূর উড়তে পারবে না।