নাইজেরিয়া থেকে পাচার ৫৮ লাখ ডলার ফিরিয়ে দিল যুক্তরাজ্য

আপডেট : ১৯ মে ২০২১, ২১:২১

 বিবিসি

নাইজেরিয়ার সাবেক এক গভর্নরের পাচার করা বিপুল পরিমাণ অর্থের একটি অংশ ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য। আফ্রিকার দেশটির ডেল্টা রাজ্যের সাবেক গভর্নর জেমস আইবরি ২০১২ সালে যুক্তরাজ্যে মুদ্রাপাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি তেল সমৃদ্ধ রাজ্যটি থেকে আনুমানিক ১৬ কোটি ৫০ লাখ ডলার চুরি করেছিলেন বলে ভাষ্য কৌঁসুলিদের। এসব অর্থের মধ্যে প্রায় ৫৮ লাখ ডলার নাইজেরিয়াকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

আইবরির যেসব সম্পদ জব্দ করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছিল তার মধ্যে একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার জেট বিমানও ছিল। উদ্ধার ৫৮ লাখ ডলার আইবরির স্ত্রী, বোন ও এ সাবেক গভর্নরের বিশ্বস্ত এক এজেন্টের কাছে পাওয়া গেছে। আইবরির পাশাপাশি এ তিন জনও মুদ্রাপাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। পাচার করা আরো অর্থও উদ্ধার করা যাবে বলে আশা করছেন তদন্তকারীরা। নাইজেরিয়ার অ্যাটর্নি জেনারেল আবুবাকার মালামি পাচার করা অর্থ যুক্তরাজ্য থেকে ফিরে পাওয়াকে ‘নাইজেরিয়ার অর্জন করা মর্যাদার স্বীকৃতির প্রদর্শনী’ বলে বর্ণনা করেছেন, এক বিবৃতিতে জানিয়েছেন তার মুখপাত্র।