ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চারটি হাসপাতালে হাই-ফ্লো নজেল ক্যানোলা ও চারটি অটিস্টিক সংগঠনকে শিক্ষাসহায়তা সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। গতকাল দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতির বক্তৃতায় বেগম মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এই দলের নেতাকর্মীরা বিরোধী দলে থাকতেও যেমন মানুষের কল্যাণে কাজ করেছেন, সরকারি দলেও তেমন কাজ করেন। করোনাকালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই জীবন জীবিকা সচল রয়েছে।
সুজিত রায় নন্দী বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর তার কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ডিএনসিসি কোভিড হাসপাতালে একটি করে হাই-ফ্লো নজেল ক্যানোলা ও উন্নতমানের সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার অ্যান্ড অটিজমকে অক্সিজেন কনসেনট্রেটর, হুইল চেয়ার, ব্লাড প্রেসার মেশিন, ট্রাই সাইকেল, উন্নতমানের মাস্ক, প্রতিবন্ধী সংগঠনসমূহের মধ্যে চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার, অধির বাংলা ফাউন্ডেশন, ডিজিটাল প্লাস ফাউন্ডেশনের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
