সিংগাইরে ছাত্রলীগ নেতার স্মরণে শোকসভা ও ত্যাগী নেতাদের আর্থিক সহায়তা

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৫১

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সিংগাইর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যার প্রতিবাদে শোকসভা এবং নিহত মিরুসহ ত্যাগী ও অসহায় নেতাদের আর্থিক সহায়তা দেওয়া উপলক্ষ্যে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার জয়মন্টপে এ অনুষ্ঠানের আয়োজন করে। কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিপি, থানা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। পরে নিহত মিরুর পিতা আব্দুল কাদেরের হাতে ১০ লাখ ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মীর লুত্ফর রহমান মদনসহ দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের   ৯টি পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন নেতৃবৃন্দ। মমতাজ বেগম এমপির এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা।