মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই বন্ধু মাহিম বেপারী ও সীমান্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী ও টিপু খন্দকারের ছেলে সীমান্তসহ সালাউদ্দিন মাদবরের ছেলে একান্ত একসঙ্গে গোসল করতে নামে পদ্মা নদীর বাঘের বাড়ি এলাকায়। প্রবল সে াতের তোড়ে তিন জনই নদীতে ভেসে গেলে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা একান্তকে উদ্ধার করতে পারলেও মাহিম ও সীমান্তকে চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। পরে বেলা আড়াইটার দিকে বেজগাঁও মৃধা বাড়ি এলাকা থেকে মাহিম ও সীমান্তের লাশ উদ্ধার করা হয়। একান্তকে আশঙ্কাজনক অবস্থায় লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই জনেরই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
