ইত্তেফাক রিপোর্ট
১০ হাজার টাকা জরিমানা ধার্যের পর হাইকোর্টে ক্ষমা চাইলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে তিনি উপস্থিত হয়ে এ ক্ষমা চান। ইউনূস আলী বলেন, ‘আদালতের জুম আইডি পরিবর্তন হওয়ায় ঐদিন আদালতে রিট আবেদনের শুনানিতে আমি অংশ নিতে পারিনি। এজন্য ক্ষমা চাইছি। আমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা মাফ করে দিন। আমি ক্ষমা চাইছি।’ এ পর্যায়ে আদালত বলেন, আপনি লিখিতভাবে এ বক্তব্য আদালতে দাখিল করুন। বিষয়টি আদেশের জন্য আজ বৃহস্পতিবার থাকবে। সরকার ঘোষিত লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। কিন্তু রিটের শুনানিতে এই আইনজীবী উপস্থিত না হওয়ায় হাইকোর্ট তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।
