ইত্তেফাক রিপোর্ট
সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে নারী ও পুরুষ মিলে যেভাবে হেনস্তা করেছে, তা যৌন হয়রানির আওতায় পড়ে; যা ফৌজদারি অপরাধ। প্রয়োজনে যে কোনো আইনি সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পাঁচটি নারী ও মানবাধিকার সংগঠন। গতকাল অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐ পাঁচ সংগঠনের নেতৃবৃন্দ এ কথা জানান।
সংগঠনগুলো হচ্ছে—বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, নারীপক্ষ, আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারী কর্মকর্তাদের বিচারের আওতায় আনার কাজগুলো দ্রুতই করতে হবে। আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নিপীড়ন এবং গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।’
