প্রিমিয়ার লিগ খেলা নিয়ে দ্বিধায় মাশরাফি

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৫৪

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। বাংলাদেশের ওয়ানডে দলেও নেই মাশরাফি বিন মুর্তজা। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন তিনি। গত বছর ডিসেম্বরে খুলনার হয়ে খেলেছেন বঙ্গবন্ধু টি-২০ কাপে। তবে আসন্ন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা নিয়ে দ্বিধায় আছেন মাশরাফি।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ঘোষণা অনুযায়ী করোনাকালে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে বায়ো-বাবল তথা জৈব সুরক্ষা বলয়ের অধীনে। ১২টি ক্লাবের ক্রিকেটাররা সুরক্ষা বলয়ে থাকবেন। ব্যস্ততার কারণে বলয়ের মধ্যে লম্বা সময় থেকে খেলাটা কঠিন সংসদ সদস্য মাশরাফির জন্য। তাই প্রিমিয়ার লিগ খেলা থেকে বিরত থাকতে পারেন তিনি।

গত বছর করোনার কারণে প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এক রাউন্ড খেলেছিলেন মাশরাফি। নতুন করে টি-২০ ফরম্যাটে প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী ৩১ মে। লিগের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহে অনুশীলন শুরু করতে যাচ্ছে ক্লাবগুলো। শেখ জামালের অনুশীলন শুরু হবে আগামী ২২ মে। ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান গতকাল এমনটাই জানিয়েছেন।

বর্তমানে নড়াইলে নিজের নির্বাচনি এলাকায় ব্যস্ত সময় কাটছে মাশরাফির। গতকাল নড়াইল থেকে জানালেন, শেখ জামালের অনুশীলন কবে শুরু হবে তা জানা নেই তার।

জৈব সুরক্ষা বলয়ে থেকে প্রিমিয়ার লিগ খেলা কঠিন হয়ে পড়বে জানিয়ে গতকাল মাশরাফি বলেছেন, ‘আমি জানি না খেলবো কি না। এখনো সিদ্ধান্ত নেইনি। বায়ো-বাবল হলে আমার জন্য কঠিন। আমি নাও খেলতে পারি। এত লম্বা সময় থাকতে পারবো না। যা হোক, এখন বলতে পারছি না।’

শেখ জামালের কোচ, অধিনায়ক কেউই এখনো জানেন না প্রিমিয়ার লিগে পাওয়া যাবে কি না মাশরাফিকে। লিগ খেলতে হলে অন্য সবার মতোই দ্রুত প্রস্তুতি শুরু করতে হবে ৩৭ বছর বয়সি ডানহাতি এ পেসারকে। রাজনৈতিক ব্যস্ততা, জৈব সুরক্ষা বলয়ে অনীহা মিলে প্রিমিয়ার লিগে তার খেলার সম্ভাবনা কম। শেখ জামালের খেলোয়াড় তালিকায় অবশ্য মাশরাফির নাম রয়েছে। তাই ব্যস্ততা কমলে লিগের মধ্যপথে তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।