কেউ কারো রুমে ঢুকতে পারবে না
স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্প হচ্ছে দেশের পাঁচ তারকা হোটেলে। খেলোয়াড়দের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আক্রমণভাবে খেলোয়াড় ইব্রাহিম। এই খেলোয়াড়ের করোনা শনাক্ত হলেও তার কোনো উপসর্গ নেই। স্বাভাবিক দেখাচ্ছে। যেহেতু রিপোর্ট পজিটিভ এসেছে তাই ইব্রাহিমকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে কড়া বার্তা দেওয়া হয়েছে যে, একজন ফুটবলার আরেকজনের রুমে ঢুকতে পারবে না।
ইব্রাহিমের রুমমেট ছিলেন সোহেল রানা। তিনিও করোনা আক্রান্ত কি না সেটা পরীক্ষা করা হয়েছে। নেগেটিভ এসেছে সোহেলের রিপোর্ট। করোনা আক্রান্ত ইব্রাহিম অনুশীলন করেছেন। সেখান থেকেও অন্যরা আক্রান্ত হয়েছে কি না এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বললেন, ‘সোহেল রানা নেগেটিভ, তার পরও সবাইকে আমরা আরো এক দফা করোনা টেস্ট করাব।’ ইব্রাহিমকে হোটেল রুমেই রাখা হয়েছে। অবশেষে কাতার যাওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে। ২১ বা ২২ মে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি কী কারণে সেটাও জানায়নি বাফুফে। কথা ছিল কাতারে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেটা হয়নি। প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল কিন্তু কাতার হতে কোনো ক্লাব সাড়া দেয়নি। তাই এই ভাবনা বাদ। তাছাড়া কাতারে গিয়ে বাংলাদেশ ফুটবল দলকে হোটেলেই অবস্থান করতে হবে।
বাফুফে জানিয়েছে, ২২ মে কাতার সরকারের বিশেষ অনুমতি নিয়ে কাতারে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতার সরকারের কোভিড-সংক্রান্ত শক্ত স্বাস্থ্য বিধিমালার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেখানে সুইমিং, জিম, ডাইনিং সুবিধা পাবে না। রুমে আলাদাভাবে খাবার খেতে হবে এবং অনুশীলন মাঠ ও হোটেল ছাড়া কোথাও যাওয়ার অনুমতি নেই বিধায় ৩০ মে কাতার যাবে বাংলাদেশ ফুটবল দল।
জুনে কাতারে বিশ্বকাপ বাছাইয়ের খেলায় বাংলাদেশ, কাতার, ভারত, ওমান, আফগানিস্তান খেলবে। এই দেশগুলোকে সঙ্গে নিয়ে এএফসির কো-অর্ডিনেশন মিটিং হয়েছে। সেখানে কাতার যাবতীয় সবকিছু নিয়ে আলোচনা হয়েছে বলে বাফুফে জানিয়েছে।
