রোজিনা ইসলাম ইস্যু

সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান কাদেরের

আপডেট : ১৯ মে ২০২১, ২২:০৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছেন, সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের ‘নীরবতার’ কারণে সংবাদকর্মীদের সঙ্গে ‘ভুল বোঝাবুঝির’ সৃষ্টি হয়েছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেফতার রোজিনা ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করে তিনি সাংবাদিকদের ‘দায়িত্বশীল ভূমিকা’ রাখার আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল বুধবার ‘স্বদেশ প্রত্যাবর্তনের চার দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভা এবং চারটি হাসপাতালে চারটি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও চারটি অটিস্টিক সংগঠনে শিক্ষাসহায়তাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল                 কাদের এ কথা বলেন।

বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে, বিষয়টি বিচারাধীন। নিরপরাধ হলে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের তরঙ্গ তথা সংক্রমণের উচ্চমাত্রা চলাকালে এই বিষয়টি নিয়ে যাতে জনমনে কোনো ধরনের অস্থিরতা ও অসন্তোষ তৈরি না হয় সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের প্রতি ধৈর্য ধারণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।’ রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারত।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। দেশের গণমাধ্যমের প্রতি কোনো ধরনের চাপ এখন নেই এ কথা আমি বলতে পারি। প্রতিনিয়ত গণমাধ্যমে দেশের দুর্নীতি, অপরাধসহ নানা বিষয়ে প্রতিবেদন প্রকাশ ও প্রচার হচ্ছে। তিনি বলেন—এদেশের গণতন্ত্রের বিকাশ ও লালন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে গণমাধ্যম অতন্দ্রপ্রহরী।

ওবায়দুল কাদের বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা থেকে আমরা জানতে পেরেছি সংশ্লিষ্ট রিপোর্টার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের অনুপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ নথি ও নোট লুকিয়ে ফেলে ও মোবাইলে ছবি  তোলে।