বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বরিশালের এম. রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মো. হারুন অর রশিদ (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি একমাত্র কন্যা ডা. তানজিল রশিদ তন্নী, স্ত্রী অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স ফরিদুন্নেছা, মা এবং দুই ভাই ও দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর বরিশাল সদর উপজেলার চরকরনজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ নামাজে জানাজা শেষে তার মরদেহ স্থানীয় হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল বাদ জোহর বরিশাল নগরীর পুলিশ লাইন্স জামে মসজিদ চত্বরে মো. হারুন অর রশিদের দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ ফজর ঢাকার মগবাজার ওয়ারলেসগেট জামে মসজিদ চত্বরে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
তার পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকার মগবাজারের নিজ ফ্ল্যাটে আকস্মিক হূদেরাগে আক্রান্ত হন মো. হারুন অর রশিদ। রাতেই তাকে মগবাজারে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। সংবাদপত্র ব্যবসার দিকপাল বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুন অর রশিদের মৃত্যুতে বরিশালের জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, ইত্তেফাক পরিবার, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
