ফেনী ও মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এছাড়া অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় আরো তিন জন নিহত হয়েছে।
ফেনী ও ছাগলনাইয়া :ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কের কুয়েতপল্লী রাস্তার মাথা নামক এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ চারজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার চাঁদপুর গ্রামের স্ত্রী বিবি হাজেরা, জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের এনামুল হকের ছেলে চট্টগ্রাম কলেজের ছাত্র আরিফ ও টাঙ্গাইল জেলার সখিপুর থানারনুরুল ইসলাম ও শুভপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের শহীদ উল্লাহ। গুরুতর আহত অটোরিকশা চালক মো. আইয়ুবকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন জানান, জয়পুরহাট থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। গতকাল ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি ইউনিয়নের পাকুল্যা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ঐ মাইক্রোবাস ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ তিন জন ঘটনাস্থলে মারা যান। নিহতরা হচ্ছেন—গোলাম মাওলা শামীম, মাইক্রোবাসের চালক হাসান এবং এর হেলপার ইমন ওরফে রিমন। এই ঘটনায় নিহত গোলাম মওলা শামীমের স্ত্রী মীম বেগম গুরুতর আহত হয়েছেন। তিনি কুমুদিনী হাসপাতালে চিকিত্সাধীন। অপরদিকে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক সহিদ জানান, সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজের পূর্ব পাশে স্কয়ার এলাকার সূত্রাপুরে ঢাকাগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা লেগুনার মধ্যে মুখোমুখী সংঘর্ষে মোটর সাইকেলের চালকসহ দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় গোড়াই হাইওয়ে থানায় মামলা হয়েছে।
দুমকিকে স্কুলশিক্ষিকা নিহত
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা জানান, দুমকির লেবুখালী ফেরীঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৩৮) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী শামিম (৪০) ও পুত্র তামিম (৯) গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার লেবুখালী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়ায় মোটরসাইকেল চালক নিহত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুবিন শিকদার( ২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মুবিন শিকদার উপজেলার ঘাঘরকান্দা গ্রামের ফারুক শিকদারের ছেলে। বুধবার বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
ওসমানীনগরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
ওসমানীনগর(সিলেট)সংবাদদাতা জানান, সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন হযরত শাহজালাল ফাজিল (প্রস্তাবিত কামিল) মাদ্রাসা গোয়ালা বাজারের অধ্যক্ষ মাওলানা মো.আমীরুল ইসলাম(৫৫)। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
