খুলনায় কোয়ারেন্টাইনে ধর্ষণের শিকার সেই নারীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৯ মে ২০২১, ২২:০৭

খুলনায় কোয়ারেন্টাইনে ধর্ষণের শিকার সেই নারী আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। গত মঙ্গলবার রাতে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন। এ সময় কোয়ারেন্টাইনে থাকা অন্য নারী ও  পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন। এ ঘটনার পর জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে যান। খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, ডাক্তারি পরীক্ষার পর গত মঙ্গলবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঐ নারীকে খুলনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ঐ নারী তাকে সেখান থেকে ছেড়ে দেওয়ার দাবি জানালে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় তাকে ছাড়া হয়নি। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা চালান।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, ঐ নারী কোয়ারেন্টাইনে আসার পর থেকেই আত্মহত্যার চেষ্টাসহ বিভিন্নভাবে হয়রানি  করছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪তম দিনে তার কোভিড পরীক্ষা করা হয়েছে। আজ (গতকাল বুধবার) সন্ধ্যায় ফলাফল নেগেটিভ আসলে তাকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, খুলনা মহানগরীর বাসিন্দা ঐ নারী গত ৪ মে ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর তাকে খুলনা পিটিআইতে কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ১৩ ও ১৫ মে রাতে কোয়ারেন্টাইনে দায়িত্ব পালনরত খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী-উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন।