সাতক্ষীরায় কোয়ারেন্টাইন শেষে ১২৮ জনকে ফুলের শুভেচ্ছা জেলা প্রশাসনের

আপডেট : ১৯ মে ২০২১, ২২:০৮

সাতক্ষীরায় প্রথম দফায় ভারতফেরত ১৩৯ জন যাত্রীর মধ্যে ১১ জন করোনা রোগী বাদ দিয়ে বাকি ১২৮ জন কোয়ারেন্টাইন থেকে বাসায় ফিরেছেন। গতকাল বুধবার দুপুরে শহরের তুফান মোড়ের আবাসিক হোটেল টাইগার পাস থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে তাদের হাতে করোনা নেগেটিভ সদন ও ফুল দিয়ে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

১১ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় দুপুরে তাদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জেলার সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ঐ ১১ জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কি না, সেটা জানার জন্য নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। 

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল আতঙ্কিত না হয়ে জেলার সবাইকে সাবধান ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা

৩৬ জন কুমিল্লায় প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কোয়ারেন্টাইন কেন্দ্রগুলোতে জায়গা না থাকায় মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসা ৩৬ জনকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়েছে। একই দিন নিজ দেশে ফিরে যান ২৭ জন ভারতীয় নাগরিক।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমান বলেন, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি কোয়ারেন্টাইন কেন্দ্রে ৩৪৬ জন আছেন। তাদের মধ্যে মঙ্গলবার তিন জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম বলেন, কোয়ারেন্টাইন কেন্দ্রগুলোতে স্থান সংকুলান না হওয়ায় মঙ্গলবার দেশে ফিরে আসা ৩৬ জনকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন তাদের কোয়ারেন্টাইনে থাকার সব ব্যবস্থা করবেন।