বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। গতকাল বুধবার নগরীর ইপিজেড মোড়ে পদ্মা ওয়্যারস লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। প্রায় দুই ঘণ্টার এ অবরোধে ইপিজেড সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বেপজা কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন।
পদ্মা ওয়্যারস লিমিটেডের শ্রমিক কল্যাণ সমিতির সদস্য মো. ওবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ফেব্রুয়ারিতে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে; কিন্তু আমাদের চার বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা, ছুটির টাকা এবং মাসিক বেতন বকেয়া রয়েছে। তিন মাস ধরে কারখানা বন্ধ। বেপজা কর্তৃপক্ষ আমাদের এতদিন শুধু আশ্বাস দিয়ে আসছে; কিন্তু আমাদের পাওনা আদায়ে তারা কোনো ভূমিকা পালন করছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।
