বেলাবতে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর দুই দিন ধরে নিখোঁজ আব্দুল মান্নান ওরফে মান্না (২৫) নামে এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুরে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের আড়িয়াল খাঁ নদ হতে তার লাশ উদ্ধার করেছে বেলাব ও মনোহরদী থানা পুলিশ।
নিহত আব্দুল মান্নান ওরফে মান্না বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের রাজারামপুর গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি উপজেলার কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় মান্নানকে পাশের গ্রামের কাজল মিয়ার ছেলে লিটন মিয়া বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ঐ দিন রাত ১১টার দিকে লিটন মিয়া একা মান্নানের বাড়িতে এসে খবর দেয় মান্নানকে পাওয়া যাচ্ছে না।
