করোনায় আবারও স্থগিত এশিয়া কাপ

আপডেট : ২০ মে ২০২১, ০০:৩০

গত বছর করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়েছিল এশিয়া কাপ। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয়েছিল শ্রীলঙ্কায়। কিন্তু এবারও আলোর মুখ দেখছে না উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট। শ্রীলঙ্কায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জুনে অনুষ্ঠেয় এশিয়া কাপ স্থগিত করা হয়েছে।

টুর্নামেন্টের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা গতকাল সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে এ বছর জুনে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।’ ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপের জন্য কোনো সময়ও দেখছেন না অ্যাশলে ডি সিলভা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অবশ্য এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

করোনা সংক্রমণ বাড়ায় আন্তর্জাতিক ফ্লাইট ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। জুনে এশিয়া কাপ স্থগিত করলেও জুলাইয়ে ভারতকে আতিথ্য দেবে শ্রীলঙ্কা।