করোনাকালে আমেরিকায় আক্রান্ত হয়েছেন প্রচুর এশিয়ান-আমেরিকান। এই অপরাধ রুখতে একটি বিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। বিলে এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডারদের (এএপিআই) বিরুদ্ধে অপরাধ বন্ধ করার লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এএপিআইদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করার জন্য বার্তা দেওয়া জরুরি। তার মতে, বিলে যে পদক্ষেপের কথা বলা হয়েছে, তা আমেরিকায় হেট ক্রাইম কমাতে সাহায্য করবে। খবর ডয়চেভেলের
বিলে কী আছে
এই বিলে হেট ক্রাইমের রিভিউ দ্রুত করার কথা বলা হয়েছে। সেজন্য জাস্টিস বিভাগ রাজ্য সরকারগুলোকে উপযুক্ত অর্থ সাহায্য করবে। তারা নীতিও বেঁধে দেবে। কীভাবে হেট ক্রাইমের বিরুদ্ধে লড়াই করা হবে, সেই নীতিও তারা ঠিক করে দেবে। হেট ক্রাইম নিয়ে মানুষের চেতনা বাড়াতে প্রচারও করা হবে। আইনের নাম দেওয়া হয়েছে, ‘কোভিড-১৯ হেট ক্রাইম অ্যাক্ট’। হাউজে বিলটি ৩৬৪-৬২ ভোটে পাশ হয়েছে। গত এপ্রিলে সিনেটে তা কার্যত মতৈক্যের ভিত্তিতে পাশ হয়েছিল।
বাইডেন যা চান
হোয়াইট হাউজের মুখপাত্র টুইট করে জানিয়েছেন, বাইডেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলটি আইনে পরিণত করতে সই করার জন্য অপেক্ষা করছেন। এই সপ্তাহের শেষেই আইন চালু হয়ে যাবে। যিনি এই বিলটি আনার জন্য প্রধান ভূমিকা নিয়েছিলেন, সেই হাউজ সদস্য গ্রেস মেং বলেছেন, এশিয়ান আমেরিকানরা সাহায্য চাইছিল। হাউজ, সিনেট ও প্রেসিডেন্ট বাইডেন সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্পিকার পেলোসি জানিয়েছেন, ২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত এএপিআইদের বিরুদ্ধে ৬ হাজার ৬০০ হেট ক্রাইম হয়েছে।
