চাল আত্মসাতের মামলা

নন্দীগ্রামে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর ফের গ্রেফতার

আপডেট : ২০ মে ২০২১, ০০:৩৪

বগুড়ার নন্দীগ্রামে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ১৬৮ বস্তা চাল আত্মসাতের মামলায় উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত করার খবর পেয়ে গত বছরের ১১ এপ্রিল রাতে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানের শিমলা গ্রামের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। তার বাড়ি ও গোডাউনে তল্লাশি চালিয়ে ১৬৮ বস্তা চাল উদ্ধার করেন তারা।

এ সময় র্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আরেক বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আনছার আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়। সেই মামলায় চলতি বছরের ৪ এপ্রিল আদালতে হাজির না হওয়ায় আনিছুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। তখন থেকে তিনি পলাতক ছিলেন। গত বছর সরকারি চাল আত্মসাতের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আনিছুর রহমান ও নন্দীগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে বহিষ্কার করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম দুই জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।