জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) গত রবিবার ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে একটি সফল অভিযান পরিচালনা করেছে। এ অভিযানের মধ্য দিয়ে লেঙ্গা গ্রামের অধিবাসীদের কোডেকো মিলিশিয়াদের আক্রমণ থেকে রক্ষা করা হয়েছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানকালে বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
কোডেকো মিলিশিয়া বাহিনীর লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪-এর শান্তিরক্ষী টহল দল সাঁজোয়া যানসহ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী গুলি শুরু করে। ব্যানআরডিবি-৪-এর টহলদল অত্যন্ত সাহসিকতার সঙ্গে পালটা আক্রমণ করে। প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগে বাধ্য হয়। এ সময় শান্তিরক্ষী বাহিনী স্থানীয় একজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে মাইনর সার্জারি শেষে হাসপাতালে ভর্তি করে। পরে মিলিশিয়া বাহিনীর গুলিতে নিহত স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
