ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হিসেবে গতকাল বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন মো. জসিম উদ্দিন। তিনি ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদে এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সভাপতি শেখ ফজলে ফাহিম নতুন সভাপতির কাছে দায়িত্ব অর্পণ করেন।
জসিম উদ্দিন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি। দায়িত্ব হস্তান্তরের এ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান, এম.পি। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, এম.পি। এছাড়া আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি মীর নাসির হোসেন, মো. মাতলুব আহমেদ এবং এফবিসিসিআইয়ের বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ।
গত ১২ মে ২০২১ বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) নির্বাচন বোর্ড এফবিসিসিআই এর নতুন কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। গতকালের অনুষ্ঠানে নতুন সিনিয়র সহ-সাভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। নবনির্বাচিত সহ-সভাপতিরা হলেন এসোসিয়েশন গ্রুপ থেকে এম.এ. মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন এবং চেম্বার গ্রুপ থেকে মো. আমিনুল হক শামীম, সালাউদ্দীন আলমগীর ও এম.এ রাজ্জাক খান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।
