অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৬ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা, মামলা দায়ের এবং জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।
বুধবার সংগঠনটির সভাপতি জাহিদুর রহিম অঞ্জন ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জঘন্য এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ, টিকা নিয়ে অব্যবস্থাপনা এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে করোনাকালীন প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অনিয়মের তথ্য প্রকাশের জন্য সাংবাদিককে হেনস্থা করা অশুভ মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা মনে করি, বাক ও চিন্তার স্বাধীনতার একটা অংশ হচ্ছে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করার অধিকার। আমাদের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতাকে একটি স্বতন্ত্র মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত করা আছে। এছাড়া সংবাদপত্রের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাহী বিভাগের পেশী প্রদর্শনকে আমাদের কাছে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশকে বাঁধাগ্রস্ত করার অশুভ ইঙ্গিত বলে মনে হচ্ছে, যা একটি গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। আমরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির পাশাপাশি পুরো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
ইত্তেফাক/বিএএফ
