ফরাসি কাপে স্ট্রসবুর্গের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলিয় তারকা নেইমার। সেই চোট এতটাই গুরুতর যে এবার প্রায় দশ সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন তিনি। ফলে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে নেইমারকে পাবে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
নকআউট পর্বে ১২ ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর মুখোমুখি হবে পিএসজি। ৬ মার্চ ফিরতি লেগে প্যারিসে মুখোমুখি হবে দু’দল। গুরুত্বপূর্ণ সেই মিশনের আগে ২৩ জানুয়ারি ফরাসি কাপে স্ট্রসবুর্গের বিরুদ্ধে ম্যাচে ২-০ গোলে পিএসজি জিতলেও ডান পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার।
এক সপ্তাহ পর বুধবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের ডান পায়ের ফিফথ্ মেটাটারসাল ভেঙেছে। যা সারতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে।
আরও পড়ুন: কেন্দ্রের দুইশ’গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ
পাশাপাশি এও জানানো হয়েছে, নেইমারের কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হবে। তবে এই রক্ষণশীল পদ্ধতিতে চিকিৎসা নিয়ে প্রথমে প্রবল আপত্তি জানান নেইমার নিজেই। পরে তাকে রাজি করানো হয়েছে দীর্ঘমেয়াদী চিকিৎসায়।
ইত্তেফাক/কেআই
