গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান ২৮ মার্কিন সিনেটরের

আপডেট : ২০ মে ২০২১, ১৪:০৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ করতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ সিনেটর। ডেমোক্র্যাট সিনেটর জন অসোফের নেতৃত্বে সিনেটররা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনে সংঘাত যেন আর না বাড়ে এবং বেসামরিক মানুষের আর প্রাণহানি না ঘটে, এ জন্য দ্রুত আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’

জর্জিয়ার সিনেটর জন অসোফের নেতৃত্বে এই সিনেটরদের মধ্যে আছেন ডেমোক্রেটের প্রবীন রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্সও। শুরু থেকেই তিনি ফিলিস্তিনিদের ওপর হামলায় নেতানিয়াহু সরকারকে মার্কিন সমর্থন বন্ধের দাবি জানিয়ে আসছেন।

গতকাল বুধবার (১৯ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে সংঘাত ‘উল্লেখযোগ্য হারে কমানোর’ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফোনালাপে নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, ইসরায়েল উল্লেখযোগ্য হারে সহিংসতা কমিয়ে যুদ্ধবিরতির পথে যাবে বলে তিনি আশা করছেন।

এর আগের দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আপত্তির কারণেই ইসরায়েল-হামাস সংঘাত বন্ধে যুদ্ধবিরতির বিবৃতি দিতে পারেনি জাতিসংঘ। এদিন সংস্থার নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই বিবৃতির বিরুদ্ধে ভেটো দেয় স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। ফলে বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেওয়ার উদ্যোগে এর আগেও বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ফ্রান্স, মিসর ও জর্দান একসঙ্গে নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব পেশ করেছিল।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন। এরমধ‌্যে ৬৪ জন শিশু ও ৩৮ জন নারী। দেড় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইত্তেফাক/টিআর