বিশৃঙ্খলাকারী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিন: নিক্সন চৌধুরী

আপডেট : ২০ মে ২০২১, ১৫:২৪

ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘বিশৃঙ্খলাকারী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হলো। সরকার দেশকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করে যাচ্ছে। সেখানে কে বা কাহারা দাঙ্গা হাঙ্গামা করে পরিস্থিতি ঘোলাটে করবে সেটা হতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টা হিসাবে অংশগ্রহণ করেন এমপি নিক্সন চৌধুরী। ভাঙ্গা চাঁদনী অডিটরিয়ামে আয়োজিত সভা শেষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ৬০ জন মৎস্য উদ্যোক্তাকে সরকারি প্রণোদনা প্রদান করেন এমপি নিক্সন চৌধুরী।

এমপি নিক্সন চৌধুরী আরও বলেন, ‘তার নির্বাচনি এলাকা ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনের জনগণের জানমালের দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। মাঝে মধ্যেই ভাঙ্গার বিভিন্ন ইউনিয়নে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষসহ লুটপাটের ঘটনা ঘটে। এতে করে জানমালের ক্ষয়ক্ষতিসহ এলাকার চরম বদনাম হয়। তাই দাঙ্গা-হাঙ্গামাকারীসহ এদের ইন্ধন দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর করোনাকালীন প্রণোদনাসহ বিভিন্ন সাহায্য কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসানাত দুদু মিয়া তার ছবি লাগিয়ে জনগণের মাঝে বিতরণ করেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সে ছলনা করেছে।'

বিষয়টি রেজুলেশন করে জেলা প্রশাসকের নিকট ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবোলা চক্রবর্তী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। 

ইত্তেফাক/এএএম