বরাবরের মতো এবারের ঈদ ইত্যাদিও দর্শকদের মুগ্ধ করেছে। গত দুই যুগেরও বেশি সময় ধরে এই শীর্ষ জনপ্রিয় ইত্যাদি এবার করোনার কারণে ভিন্ন আঙ্গিকে সংকলিত পর্ব হিসেবে প্রচারিত হয়েছে। কারণ করোনা নামক অদৃশ্য ভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ইত্যাদিও। পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মেনে এবার চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। তাই প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে সম্পাদনার টেবিলে ভিন্ন আঙ্গিকে সাজানো হয় এবারের ইত্যাদি। কিন্তু সংকলিত এই ইত্যাদি দর্শকপ্রিয়তায় এবার রেকর্ড গড়েছে। শুধু বিটিভির সম্প্রচারিত টিআরপিতে নয়, গুগলের ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে অবস্থান ইত্যাদির। সংকলিত অনুষ্ঠান হিসেবে ঘোষণা দেওয়া হলেও হানিফ সংকেতের দুর্দান্ত ছন্দময় গ্রন্থনায় এবারের অনুষ্ঠানটি করোনাকালে ঘরবন্দি মানুষের বিষন্ন মনে এনেছে প্রশান্তি। দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন এবারের ইত্যাদির বিশেষ বিশেষ সব পর্ব। অত্যন্ত উপভোগ্য একটি ইত্যাদি উপহার পেয়ে দর্শকরা যে খুশি হয়েছেন তার বহিঃপ্রকাশ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বসিত প্রশংসায়।
হানিফ সংকেত বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি ইত্যাদির সবচেয়ে বড় পুরস্কার হলো দর্শক। কারণ আমরা একইসঙ্গে আনন্দ ও বিবেকবোধের উত্কর্ষে কাজ করে থাকি। তাই বরাবরের মতোই আমি কৃতজ্ঞ তাদের কাছে।’
দর্শক রায়ে ঈদের সেরা অনুষ্ঠান হিসেবে প্রশংসিত এবারের ঈদ পর্বটি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
